ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে সাত পিস ট্যাপেন্টাডলসহ আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মতিহার থানা পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ গোলাম কবির।
পুলিশ জানায়, হাসিবের কাছ থেকে সাত পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। তবে এসব মাদকদ্রব্য তিনি নিজে ব্যবহার বা বিক্রির উদ্দেশ্যে রেখেছিলেন কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
হাসিবকে আটকের পর তার বিরুদ্ধে আগের কয়েকটি অভিযোগও সামনে এসেছে। ছাত্রলীগ নেতাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে একসময় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে অবশ্য তাকে আবার সংগঠনে ফিরিয়ে নেওয়া হয়।
এ ছাড়া নিজের মালিকানা দাবি করে অন্যের ফুডকার্ট নিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বহিরাগতদের সঙ্গে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগও উঠেছিল হাসিবের বিরুদ্ধে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, হাসিবকে মাদকসহ আটকের বিষয়টি তারা জানতে পেরেছেন। ছাত্রদল সবসময় মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার পক্ষে। তবে উদ্ধার করা মাদক হাসিবের নিজের কাছে ছিল, নাকি তার সঙ্গে থাকা বন্ধুদের কাছে ছিল—এ বিষয়ে এখনো নিশ্চিত নন তারা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মতিহার থানার ওসি মোহাম্মাদ গোলাম কবির বলেন, হাসিবকে মাদকসহ আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, মাদক গ্রহণ, ক্রয়-বিক্রয় ও বহন দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। হাসিব মাদকসহ আটক হওয়ায় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতার বিরুদ্ধে মাদকসহ আটকের ঘটনায় শিক্ষাঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News