ছবি: সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি পর্যটকবাহী স্লিপার বাসে ভয়াবহ আগুনে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৩৪ জনের বেশি যাত্রী ছিলেন। আগুন লাগার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, বাসটি নয়ডা থেকে যমুনা এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। পথে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, আতঙ্কিত হয়ে কয়েকজন যাত্রী জানালা দিয়ে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করেন। পরে যমুনা এক্সপ্রেসওয়ের পাশে বাসটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এবং জেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহতদের উদ্ধারে কাজ করেন উদ্ধারকর্মীরা।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রী জানান, তিনি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দরজায় ধাক্কার শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। তখন চারদিকে মানুষজনের ছোটাছুটি ও ধাক্কাধাক্কি চলছিল। কোনো মালামাল নেওয়ার সুযোগ পাননি; এমনকি জুতাও পরতে পারেননি।
ওই যাত্রীর ভাষ্য, বাসের ভেতর মুহূর্তেই ধোঁয়ায় ভরে যায়। এত বেশি ধোঁয়া ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না এবং অনেকে শ্বাস নিতে পারছিলেন না। ধাক্কাধাক্কির মধ্যে কোনোভাবে কয়েকজন বের হতে পারলেও অনেকে ভেতরে আটকা পড়ে যান।
ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির খোঁজ নেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News