ছবি: সংগৃহীত
ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ বৈঠকে তাঁকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
শুক্রবার সাংবাদিকদের পাঠানো এক অডিও বার্তায় জেলেনস্কি বলেন, ট্রাম্প তাঁকে জানিয়েছেন—ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে। চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। সেখানেই বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
রাশিয়ার নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় প্যাট্রিয়ট ব্যবস্থা গুরুত্বপূর্ণ বলে দাবি করে আসছে কিয়েভ। এ কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি ও লাইসেন্স চেয়ে আসছিল ইউক্রেন।
তবে লাইসেন্স পেলেই দ্রুত ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করা সম্ভব হবে না। উৎপাদনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তি ও সক্ষমতা গড়ে তুলতে সময় লাগতে পারে। ফলে এই উদ্যোগ ইউক্রেনের বর্তমান ক্ষেপণাস্ত্র সংকট তাৎক্ষণিকভাবে সমাধান করবে না।
প্যাট্রিয়ট উৎপাদনের লাইসেন্স নিয়ে এর আগে ট্রাম্পের অবস্থানে পরিবর্তন দেখা গিয়েছিল। জুলাইয়ে তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট তৈরির অনুমতি দেওয়ার কথা বললেও পরে জানিয়েছিলেন, সংবেদনশীল সামরিক প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকতে হবে। সেপ্টেম্বরের শুরুতেও বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা চলছিল।
এদিকে প্যাট্রিয়ট লাইসেন্সের আলোচনার মধ্যেই শুক্রবার কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত হন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে ১৪ বছরের এক কিশোরও রয়েছে। হামলায় আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন আহত হন।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসাতেও হামলার খবর পাওয়া গেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে একটি ডাকঘর লক্ষ্য করে হামলায় আরও একজন নিহত হয়েছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কিয়েভের প্রচেষ্টার অংশ হিসেবেই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিজের দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News