ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য বিষাক্ত ইনজেকশন দেওয়ার পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নামের এক নারী। ইনজেকশন দেওয়ার পর তাঁর হৃদ্যন্ত্র সচল থাকায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে জীবনরক্ষাকারী চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তাঁর আইনজীবীরা জানিয়েছেন।
স্থানীয় সময় বুধবার রাতে নাশভিলের রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউটে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়। আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, তাঁর শরীরে পেনটোবারবিটাল নামের ওষুধ প্রয়োগ করা হয়। দুটি সিরিঞ্জে ওই ওষুধ দেওয়া হয়েছিল বলে বার্তা সংস্থা এপি জানিয়েছে।
আইনজীবীদের দাবি, ইনজেকশন দেওয়ার পর ক্রিস্টা জ্ঞান হারান। তবে দীর্ঘ সময় পরও তাঁর হৃদ্যন্ত্র সচল ছিল। এমনকি তাঁর গোঙানির শব্দও শোনা যায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।
ক্রিস্টা পাইক ১৯৯৫ সালে ১৮ বছর বয়সে তাঁর এক সহপাঠীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। এরপর প্রায় ৩২ বছর কারাগারে ছিলেন তিনি।
তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের আগে বিষয়টি নিয়ে আইনি জটিলতাও তৈরি হয়। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ সার্কিট আপিল আদালত দণ্ড কার্যকর স্থগিত করেছিলেন। পরে দেশটির সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ বাতিল করে দেন। এরপরই মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়।
ক্রিস্টা পাইকের আইনজীবীরা আগে বিষাক্ত ইনজেকশনের পরিবর্তে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করার আবেদন করেছিলেন। তবে শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমেই দণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার রাত ১১টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া দেখতে কয়েকজন প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন। এ সময় ক্রিস্টা ব্যথায় কাতরাচ্ছিলেন বলে আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরে প্রত্যক্ষদর্শীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
ইনজেকশন দেওয়ার পরও মৃত্যু না হওয়ায় ক্রিস্টার আইনজীবীরা জরুরি আবেদন করে তাঁকে হাসপাতালে নেওয়ার অনুরোধ জানান। পরে তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়।
টেনেসিতে দীর্ঘ সময় পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা হিসেবে ক্রিস্টা পাইকের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়েছে। তবে বিষাক্ত ইনজেকশন দেওয়ার পর তাঁর বেঁচে থাকার ঘটনা নতুন করে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি নিয়েও প্রশ্ন তৈরি করেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News