ছবি: সংগৃহীত
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের ছেলে ও তাঁর পরিবারের ওপর নজরদারি এবং চীনের হয়ে যুক্তরাষ্ট্রে নিবন্ধন না করে এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম ওয়ানইং ‘হিদার’ ঝাং। তাঁর বয়স ৩৪ বছর। তিনি ক্যালিফোর্নিয়ার ইরভাইনের বাসিন্দা। রোববার (৪ অক্টোবর) তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে প্রাথমিক শুনানিতে তাঁকে হাজির করার কথা রয়েছে।
মার্কিন ফেডারেল অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৫ সালে চীনা কর্মকর্তাদের নির্দেশে ঝাং সিয়াটলে গিয়ে তাইওয়ান সরকারের এক শীর্ষ কর্মকর্তার ঘনিষ্ঠ এক আত্মীয়ের ওপর নজরদারি চালান। ওই ব্যক্তির তথ্য সংগ্রহ ও ছবি তোলার কাজও তিনি করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এফবিআইয়ের তথ্য অনুযায়ী, নজরদারির লক্ষ্য ছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের ছেলে ও তাঁর পরিবার।
অভিযোগপত্রে বলা হয়েছে, গত বছরের ১ সেপ্টেম্বর ঝাং এবং ‘ইন্ডিভিজুয়াল-১’ নামে পরিচিত আরেক ব্যক্তি লাস ভেগাস থেকে সিয়াটলে যান। সেখানে একটি ভাড়া করা কালো এসইউভিতে করে তাঁরা ওই পরিবারের বাড়ির বাইরে অবস্থান নেন। পরে পরিবারের সদস্যরা বাড়িতে পৌঁছালে গাড়ির ভেতর থেকে তাঁদের ছবি ও ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ।
নিরাপত্তা ক্যামেরার ফুটেজেও তাঁদের অবস্থানের বিষয়টি ধরা পড়ে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
মার্কিন কর্মকর্তাদের দাবি, ওই পরিবারের অবস্থান, বাড়ি ও গাড়ির ছবি চীনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে। ভবিষ্যতে চীন-তাইওয়ান সংঘাতের পরিস্থিতিতে এসব তথ্য ব্যবহার করে তাইওয়ানের প্রেসিডেন্টের ওপর চাপ তৈরির চেষ্টা করা হতে পারে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের প্রথম সহকারী মার্কিন অ্যাটর্নি বিল এসাইলি বলেন, ঝাং একজন সহযোগীর সঙ্গে সমন্বয় করে ওই সফর করেছিলেন এবং নজরদারি এড়াতে বিশেষ কৌশল ব্যবহার করেছিলেন।
এদিকে, তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র কারেন কুও ঘটনাটির নিন্দা করে একে সীমান্ত পেরিয়ে দমন-পীড়ন বা ‘ট্রান্সন্যাশনাল রিপ্রেশন’-এর উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। অন্যদিকে তাইওয়ান নিজস্ব সরকারব্যবস্থায় পরিচালিত। প্রেসিডেন্ট লাই চিং-তের অবস্থানের কারণে বেইজিংয়ের সঙ্গে তাইপের রাজনৈতিক উত্তেজনা দীর্ঘদিন ধরেই রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News