ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরা এলাকায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের ডিসচার্জ (অব্যাহতি) আবেদনের ওপর শুনানি হবে আজ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২১ জুলাই মামলায় প্রসিকিউশনের শুনানি শেষ হয়। ওইদিন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেন। শুনানিতে তিনি উত্তরা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা, এর প্রেক্ষাপট এবং আসামিদের সংশ্লিষ্টতার বিষয় আদালতের সামনে তুলে ধরেন।
পরে আসামিপক্ষের শুনানি শুরু হয়। স্টেট ডিফেন্সের আইনজীবী আমির হোসেন তার চার মক্কেলের অব্যাহতি চেয়ে আবেদন করেন। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের এ মামলায় আসামি করা হয়েছে। একইভাবে আইনজীবী এম হাসান ইমামও তার মক্কেলদের অব্যাহতির আবেদন জানান।
তবে আসামিপক্ষের কয়েকজন আইনজীবীর শুনানি শেষ না হওয়ায় আদালত ২৩ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন। শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর বিষয়ে পরবর্তী আদেশ দিতে পারেন।
এ মামলায় মোট ২৬ জন আসামির মধ্যে বর্তমানে আটজন গ্রেপ্তার রয়েছেন। গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. মজিবুর রহমানসহ পুলিশ ও রাজনৈতিক দলের কয়েকজন নেতাকর্মী। এছাড়া মামলার ১৮ আসামি এখনও পলাতক রয়েছেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন দমনে নির্বিচারে গুলির ঘটনায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ সাতজন নিহত হন এবং কয়েকজন আহত হন। এর পরদিন একই এলাকায় আরও চারজন নিহত হন।
প্রসিকিউশনের দাবি, এসব ঘটনা ছিল পরিকল্পিত, ব্যাপক ও পদ্ধতিগত হামলা, যা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News