ছবি: সংগৃহীত
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মো. মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর অভিযোগ গঠন করে বিচার শুরুর এ আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
আদালত সূত্র জানায়, এদিন আসামি মতিউর রহমানের পক্ষে জামিন আবেদন করেন তাঁর আইনজীবী মোহাম্মদ বোরহান উদ্দিন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে মতিউর রহমানের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। পরে মামলার তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগপত্র অনুমোদন করে।
অভিযোগপত্রে বলা হয়, সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে প্রায় ১ কোটি ২৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে। পাশাপাশি সরকারি চাকরির ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে নিজের নামে প্রায় ৫ কোটি ৪১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৪ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মতিউর রহমানকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
২০২৪ সালের কোরবানির ঈদকে কেন্দ্র করে ঢাকার মোহাম্মদপুরের একটি খামার থেকে ১৫ লাখ টাকা মূল্যের একটি ছাগল কেনার সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ভাইরাল হওয়ার পর মতিউর রহমানের নাম ব্যাপক আলোচনায় আসে। পরে তাঁর সম্পদ ও আর্থিক লেনদেন নিয়ে জনমনে প্রশ্ন ওঠে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। সেই আলোচিত ঘটনার ধারাবাহিকতায় দায়ের হওয়া দুর্নীতির মামলাটির বিচারিক কার্যক্রম এখন আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News