ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘ছায়া মন্ত্রিসভা’ বা ‘শ্যাডো ক্যাবিনেট’ গঠন করেছে। দলটির আমির ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে গঠিত এই কাঠামোর সদস্যদের নাম শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা জানিয়েছে দলটি।
সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টি জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ইতোমধ্যে দলের পক্ষ থেকে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এর সদস্যদের প্রশিক্ষণও চলছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সদস্যদের নাম প্রকাশ করা হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান আইনজীবী এহসানুল মাহবুব জুবায়ের জানান, দলের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত মাসে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নির্দিষ্ট সময়ে এর সদস্যদের পরিচয় প্রকাশ করা হবে।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ছায়া মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদকে।
আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
জামায়াতের নেতারা বলছেন, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, সরকারি সিদ্ধান্তের বিকল্প নীতিপ্রস্তাব তৈরি এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করাই ছায়া মন্ত্রিসভার মূল লক্ষ্য।
দলীয় সূত্র আরও জানায়, গত মাসে অনেকটা গোপনেই এই কাঠামো তৈরি করা হয়। এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, বাজেট এবং সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনার কাজ শুরু করেছেন ছায়া মন্ত্রিসভার সদস্যরা।
এর আগে জোটগতভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের চিন্তা থাকলেও শেষ পর্যন্ত দলীয়ভাবেই এ কাঠামো তৈরি করেছে জামায়াত। এতে দলের শীর্ষ নেতা ও সংসদ সদস্যদের পাশাপাশি কেন্দ্রীয় নেতা, বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক ছাত্রশিবির নেতাদের যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
জামায়াত জানিয়েছে, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী থাকবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ভিত্তিক আলাদা টিমও কাজ করবে। প্রয়োজনে উপমন্ত্রী পর্যায়েও দায়িত্ব বণ্টন করা হতে পারে।
এখন আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক অঙ্গন। তালিকা প্রকাশ হলে সরকারের নীতি ও কর্মকাণ্ডের ওপর বিরোধী দলের নজরদারি কোন কাঠামোয় পরিচালিত হবে, সেটিও স্পষ্ট হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News