ছবি সংগৃহীত
ঢাকার শ্যামপুরের ডিআইটি প্লট এলাকায় আফরা খান (১৬) নামে এক নববধূর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার স্বামী রাহাত হোসেনকে (২২) দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ রিমান্ডের আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট আফরার মা লাকী আক্তার বাদী হয়ে শ্যামপুর থানায় রাহাতসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন—রাহাতের মা সোনিয়া আক্তার, বাবা লিটন ব্যাপারী ও বড় ভাই সাইফ হোসেন।
মামলা দায়েরের পরদিন, ২১ আগস্ট শ্যামপুরের ডিআইটি প্লট এলাকার নিজ বাসা থেকে রাহাত হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন রাহাতের সাত দিনের রিমান্ড আবেদন করেন। সেই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় মঙ্গলবার।
এদিন রাহাতকে আদালতে হাজির করা হলে আফরার স্বজনরা সকাল থেকেই আদালত প্রাঙ্গণে অবস্থান করেন। তারা রাহাতের শাস্তি দাবি করেন।
শুনানিতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকতার হোসেন সোহেল বলেন, আফরার বয়স ১৮ বছর না হলেও তাকে ফুসলিয়ে ও পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে বিয়ে করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিয়ের পর আফরার পরিবারের কাছে টাকা দাবি এবং তাকে নির্যাতনের অভিযোগও করেন তিনি।
বাদীপক্ষের আইনজীবী আরও দাবি করেন, আফরাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়ে থাকতে পারে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলেও আদালতে দাবি করা হয়। ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানতে রাহাতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আদালতে যুক্তি তুলে ধরা হয়।
তবে আসামিপক্ষের আইনজীবী ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।
তিনি বলেন, আফরা ও রাহাত পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাকে হত্যা করা হয়েছে—এমন বিষয় এজাহার থেকে নিশ্চিত হওয়া যায় না। হত্যা নাকি আত্মহত্যা, সেটিও এখনো নিশ্চিত নয় বলে আদালতে দাবি করেন তিনি। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান বলেও জানান আসামিপক্ষের আইনজীবী।
রিমান্ড শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন আফরার মা লাকী আক্তার। তিনি বলেন, তার মেয়ের বিয়ের বয়স হয়নি। তবে আফরার সঙ্গে রাহাতের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার প্রথমে এই বিয়েতে রাজি ছিল না। পরে রাহাত তার মাকে নিয়ে একাধিকবার বিয়ের প্রস্তাব নিয়ে তাদের বাসায় যাওয়ার পর একপর্যায়ে বাধ্য হয়ে বিয়ে দিতে হয় বলে জানান তিনি।
মামলার এজাহার অনুযায়ী, গত ৮ মে পারিবারিকভাবে রাহাত ও আফরার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে আফরাকে গালিগালাজ, মারধর, ভয়ভীতি প্রদর্শন ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করা হয়েছে।
গত ২০ আগস্ট রাহাতের মা সোনিয়া আক্তার আফরার মাকে ফোন করে জানান, আফরা অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে লিটন ব্যাপারী ও সাইফ হোসেন তাকে সূত্রাপুরের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে আফরার মা হাসপাতালে গিয়ে মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে আফরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই দিনই শ্যামপুর থানায় মামলা করেন আফরার মা। মামলায় আসামিদের বিরুদ্ধে আফরাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ আনা হয়।
এদিকে মামলার অন্য তিন আসামি—সোনিয়া আক্তার, লিটন ব্যাপারী ও সাইফ হোসেন গত ২ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত রাহাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এখন রিমান্ডে জিজ্ঞাসাবাদে আফরার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কী তথ্য পাওয়া যায়, সেটিই তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News